টেসলা এখন ট্রিলিয়ন ডলারের কোম্পানি

২৬ অক্টোবর, ২০২১ ০০:২৫  
ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এখন এক ট্রিলিয়ন ডলারের কোম্পানি। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে টেসলা সর্বপ্রথম এই মাইলফলক অর্জন করলো। রেন্টাল গ্রুপ হার্টস এক লাখ টেসলা মডেল ৩ সেডানের কার্যাদেশ দেয়ার পর টেসলার বাজার মূল্য ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। সোমবার মধ্য-দিবসে টেসলার শেয়ারের পরিমান ৯.৮৪ শতাংশ বেড়ে শেয়ারপ্রতি দাম ৯৯৮.৭৪ ডলারে উন্নীত হয়, যা গত বছরের একই দিনের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। বাজার বিশ্লেষক ড্যান আইভস বলেন, ট্রিলিয়ন ডলারের এই ভ্যালুয়েশনে হার্টজ চুক্তিটি অগ্রণী ভূমিকা পালন করেছে। একইসাথে এটি বোঝা যাচ্ছে যে, বিশ্বব্যাপী অটোমোবাইল খাতে ইলেকট্রিক ভেহিকল রূপান্তরের চাহিদা দ্রুতগতিতে বেড়েই যাচ্ছে। ২০২০ সালের জুলাইয়ে বাজার মূল্যে টয়োটাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি নির্মাতা কোম্পানির খেতাব লুফে নেয় টেসলা। এরপর থেকে টেসলার ভ্যালুয়েশন পাঁচগুন বেড়েছে। বর্তমানে অন্যান্য পাবলিক গাড়ি নির্মাতার কোম্পানি সম্পদের তুলনায় টেসলার সম্পদের পরিমান বেশি। এটি ৬ষ্ঠ আমেরিকান কোম্পানি যার ভ্যালুয়েশন ট্রিলিয়ন ডলার পৌঁছেছে। এর আগের ট্রিলিয়ন ডলারের কোম্পানিগুলো হলো- অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন এবং ফেসবুক। ডিবিটেক/বিএমটি